ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

0
61

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি কাটাখালি চত্বরে পৌঁছালে সেখানে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান। সকাল থেকেই পথসভাস্থলের আশপাশে মানুষের ভিড় জমতে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে কাটাখালি চত্বর পরিণত হয় জনসমুদ্রে।
সড়কের দুই পাশে বাঁশের ব্যারিকেডের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় টুপি-পাঞ্জাবি পরিহিত বয়স্ক মুসল্লি থেকে শুরু করে শিশু পর্যন্ত নানা বয়সী মানুষকে তাঁর সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াতে দেখা যায়। হাসিমুখে সবার সঙ্গে হাত মেলান তিনি। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পথসভাস্থলে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। আলোকচিত্রী ও ক্যামেরাকর্মীরা মুহূর্তগুলো ধারণ করতে ভিড় জমান। উপস্থিত অনেকে মোবাইল ফোনে এই মুহূর্ত ধারণ করেন। চারপাশে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় পুরো এলাকা। মাইকে ভেসে আসছিল স্লোগান ও ঘোষণা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পথসভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here