১৯ দলের অংশগ্রহণে ফকিরহাটে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

0
5

ফকিরহাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের ফকিরহাটে শুরু হয়েছে ১৯ দলীয় নন-র‍্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬। মূলঘর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফকিরহাটের এমএসসি ব্যাডমিন্টন ইন্ডোরে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলাকে আরও জনপ্রিয় করা, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই ১৯টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নন-র‍্যাংকিং এ প্রতিযোগিতায় বিভিন্ন দলের অংশগ্রহণে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মূলঘর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ ইমরান হোসেন তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্যসচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু, যুবদল নেতা বাঁধন ও ইবাদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় পর্যায়ে এমন প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here