মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে যশোরের অভয়নগর ফুটবল একাডেমি। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল অভয়নগর।
৯ নভেম্বর সোমবার বিকাল ৩টায় ফকিরহাট কাজি আজহার আলি কলেজ মাঠে মুখোমুখি হয় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদ ও অভয়নগর ফুটবল একাডেমি যশোর। শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেলেও শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে অভয়নগর। নির্ধারিত সময়ে তিনটি গোল করে তারা জয় নিশ্চিত করে, আর প্রতিপক্ষ কাজদিয়া কোনো গোল পরিশোধ করতে পারেনি।
খেলার শুরুতে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির নেতা ইফতেখার আহমেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন, উপজেলা বিএনপির নেতা শেখ আলমগীর হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্লা রাজু আহমেদ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন।
অতিথিদের উপস্থিতিতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলোর দিকে এখন নজর রয়েছে ফুটবলপ্রেমীদের।














