স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন তিন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তারা বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের যেকোনো চেষ্টা প্রতিহত করতে তারা রাজপথে থাকবেন। যশোরসহ সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














