ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

0
74

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, খুলনা পরমাণু বিজ্ঞান কেন্দ্রের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি দীর্ঘদিন ধরে সৈয়দমহল্লা এলাকার আমেরিকা প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র বারান্দার গ্রিল ও ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, দুটি চুড়ি ও একটি চেইনসহ মোট ৫ ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন জিনিসপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শেখ জাহিদুল ইসলাম জানান, এ চুরিতে তাঁদের ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ঘটনার সময় দম্পতি অন্য কক্ষে থাকায় দুঃসাহসিক এ চুরির বিষয়টি তাঁরা টের পাননি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে তাঁরা চুরির বিষয়টি দেখতে পান। পরে থানা পুলিশকে অবহিত করা হয়। এ বিষয়ে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here