ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ । নিজেদের উদ্যোগে বাঁশ, মাটি ও খোয়া দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টায় তাঁরা।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বাবুর উদ্যোগে কয়েক দিন এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন রাস্তাটির বর্ণিত অংশটি বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজে নেমে পড়েন স্থানীয় যুবকরা। তাঁদের এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
সংস্কারকাজে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুকুর জাম্মান ফারুফসহ বাদল হোসেন, ইসরাফিল, জাহাঙ্গীর এবং স্থানীয় আরও অনেকে।
বাদল হোসেন বাবু বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে আমরা এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাই ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। “সমাজ ও এলাকার উন্নয়নে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান সম্ভব।”
স্থানীয়দের মতে, এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে যুবসমাজের এমন স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। তবে রাস্তাটির স্থায়ী ও টেকসই সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
নিজেদের শ্রম ও উদ্যোগে অবহেলিত রাস্তা সংস্কারে যুবকদের এই ভূমিকা এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
সদর উপজেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছা শ্রমে রাস্তা সংস্কার করা হচ্ছে।














