স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলা সদর বাজারসংলগ্ন চিত্রা নদীর পাড়ের সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। ব্যক্তিমালিকানাধীন জমির পাশেই নদীর পাড়ের আনুমানিক চার থেকে পাঁচ শতাংশ জায়গা নেট জাল দিয়ে ঘেরাও করে দখলে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক জমির মালিক। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
গত ১২ নভেম্বর ইউএনও বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া থানা বাজারসংলগ্ন চিত্রা নদীর পাড়ে বাঘারপাড়া মৌজার ৬৩৪ নম্বর খতিয়ানের আরএস ১৩৬৫ নম্বর দাগে অভিযোগকারীর ১ দশমিক ৮৬ শতাংশ জমি রয়েছে।
অভিযোগে বলা হয়, তাঁদের জমির পাশের ১৩৬৭ নম্বর দাগে বসবাসকারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিব তাঁদের ভোগদখলীয় জমিসংলগ্ন নদীর পাড়ের আনুমানিক চার থেকে পাঁচ শতাংশ জায়গা পাকা পিলার বসিয়ে ঘেরাওয়ের চেষ্টা করেন। বিষয়টি জানার পর গত ১৬ অক্টোবর ভুক্তভোগী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে পিলার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নেন।
তবে অভিযোগকারীর দাবি, পিলার সরিয়ে নেওয়ার কয়েক দিন পরই একই জায়গায় আবারও নেট জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নদীর জায়গা পুনরায় দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত হাবিব সাংবাদিকদের বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে নদীর পাড়ের ওই জায়গায় চাষাবাদ করে আসছেন। প্রশাসন চাইলে জায়গা ছেড়ে দেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, সরকারি জায়গা দখল করে কেউ ঘেরাও করে রাখলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














