জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা, উন্নয়নের আহ্বান

0
31

রাহাত আলী, মণিরামপুর : টিনের চালা, ভাঙাচোরা ইটের দেয়াল আর জরাজীর্ণ শ্রেণিকক্ষ। এমন পরিবেশেই চলছে যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা আধুনিক হলেও বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন যেন থমকে আছে। তাই শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের দাবি উঠেছে।
এমন বাস্তবতায় বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি লিয়াকত আলীসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগই পারে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে।
নবগঠিত এডহক কমিটির সভাপতি লিয়াকত আলী তাঁর বক্তব্যে বলেন, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এলাকার অনেক শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার ঠিকানা। শিক্ষার্থীদের জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান কোনোভাবেই কাম্য নয়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যক্তিস্বার্থ নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎই হবে বিদ্যালয়ের প্রতিটি উন্নয়ন উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের চারপাশে স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের দাবি জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা দ্রুত বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে আধুনিক ভবন নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন মানে শুধু ভবন নির্মাণ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ। সম্মিলিত প্রচেষ্টা ও সরকারি সহযোগিতা পেলে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুনছুর আলী, সমাজসেবক ইব্রাহিম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত কমিটির সদস্যদের শুভকামনা জানিয়ে বক্তারা বিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here