স্টাফ রিপোর্টার : কার্যাক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর সদর উপজেলা শাখা। সোমবার যশোর শহরের ঈদগাহ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর। আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশেম রেজা, এবং পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতন। শহর জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।
সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বর, গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।














