এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে কালোমুখো হনুমান সাবাড় করছে কৃষকের মাষকলাই। হনুমানের হানায়
মাষকলাই ক্ষেত তছনছ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে কৃষক ক্ষেতে আসার আগেই হনুমান
দলবেঁধে আক্রমণ করায় কৃষক দিশেহারা হয়ে পড়ছে।
সরেজমিন উপজেলার ভোগতীনরেন্দ্রপুর এলাকায় গিয়ে দেখা যায়, হনুমান কৃষকের ক্ষেতের
মাষকলাই খেয়ে সাবাড় করছে। এ ছাড়াও গাছ ছিড়ে তছনছ করছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, এ বছর কেশবপুরের বিভিন্ন মাঠে ২০ হেক্টর
জমিতে কৃষক মাষকলাই আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। মাষকলাই অত্যন্ত পুষ্টিকর ডাল
জাতীয় শস্য।
কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর (ভবানীপুর) এলাকার বাসিন্দা ইতি খাতুন বলেন,
শীতে কুমড়ার বড়ি দেওয়ার জন্য কিছু ঠিকরে কলই (মাষকলাই) লাগিয়েছিলাম। কিন্তু
হনুমান হানা দিয়ে ফল খেয়ে ও ছিড়ে সাবাড় করে দিচ্ছে।
এলাকাবাসী জানান, হনুমান আদিকাল থেকে কেশবপুরের বন বাদারে বাস করে আসছে।
এলাকা থেকে বন বাদার উজার হওয়ায় খাদ্য সংকট পড়ে হনুমান কৃষকের ক্ষেত খামারে হানা
দিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে।














