বর্ণাঢ্য আয়োজনে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন

0
20

স্টাফ রিপোর্টার : যশোর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। একাত্তর সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের যে পরিচয় দিয়েছিলেন, তা দেশের স্বাধীনতা সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আমাদের মুক্তির সংগ্রামে নতুন মাত্রা যুক্ত করেছিল। তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখ-তা রক্ষা করা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী তার প্রতিরক্ষা দায়িত্বের পাশাপাশি জাতীয় পর্যায়ে জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখছে। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চব্বিশের ৫ আগস্ট পট পরিবর্তনের পর জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয় তুলে ধরেন। সাম্প্রতিক চট্টগ্রামে ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন তিনি। এমনিভাবে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকা-ে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন।
তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। পরে প্রতিমন্ত্রী দিবসটি উপলক্ষে কেক কাটেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল অতিথিবৃন্দকে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান অভ্যর্থনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here