খাটের সঙ্গে দুই হাত বেঁধে স্ত্রীর কবজি বিচ্ছিন্ন করে দিলেন স্বামী

0
10

স্টাফ রিপোর্টার : যশোরে মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামের এক গৃহবধূর বাম হাতের কবজি দা দিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তিথির স্বামী বিল্লাল হোসেন (৪০) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় একটি ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। রোববার রাতে তিথি তার মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তার বাম হাতের কবজিতে কোপ দেন। এতে কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সযোগে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তার স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গুরুতর অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here