সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

0
11

স্টাফ রিপোর্টার : সার বিতরণে অনিয়ম ও কারসাজি করলে ডিলারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নবনিযুক্ত সার ডিলাররা অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, সারের সংকট বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। নতুন বা পুরোনো—যে ডিলারই সার নিয়ে অনিয়ম করবেন, তাকে কোনো ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে। কৃষকদের চাহিদা পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
অতিরিক্ত মুনাফার লোভ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকরা যেন প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ না করেন, সে বিষয়ে তাদের সচেতন করতে হবে। একই সঙ্গে ডিলার ও সাব-ডিলারদের সারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে। এক ডিলারের সার অন্য ডিলার বা সাব-ডিলারের মাধ্যমে অন্যত্র বিক্রির চেষ্টা না করারও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে অতিরিক্ত লাভের চেষ্টা কিংবা সার বিতরণে অসৎ পন্থা অবলম্বন করলে অভিযুক্ত ব্যক্তি যতই আপনজন হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here