ব্লগারের ইসলাম বিদ্বেষী লেখা নিয়ে উত্তেজনা, যশোরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল সমাবেশ

0
332

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের এক ব্লগারের ইসলাম বিদ্বেষী লেখা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর’২৪) যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অভিযুক্ত ব্লগার যশোর শহরের বেজপাড়া এলাকার নন্দ লাল সাহার মেয়ে সুদীপ্তা সাহা। বর্তমানে তিনি স্বামী রাফিউজ জামান ও সন্তান নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের বেজপাড়া এলাকার ব্লগার সুদীপ্তা সাহা একই এলাকার রাফিউজ জামানকে বিয়ে করার পর থেকেই এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়।সেখান থেকে জানা যায় সুদীপ্তা সাহা দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিভিন্ন লেখা ও মন্তব্য করে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময়ে উত্তেজনাও সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, সুদীপ্তার স্বামী জন্মসূত্রে মুসলিম। অথচ গত ১২ সেপ্টেম্বর’২৪ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তারা সপরিবারে হিন্দু ধর্ম পালন করছেন। এনিয়ে এলাকায় বিরূপ ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে শনিবার দুপুরে যশোর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ তৌহিদী জনতা পরিচয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়াটানা মোড় এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননার অভিযোগ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং এ ধরনের কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here