স্টাফ রিপোর্টার , বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে চিত্রা নদীর পাড়ের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ের প্রায় ৪ থেকে ৫ শতাংশ জায়গা দখলে নেওয়ার উদ্দেশ্যে সেখানে পুঁতে রাখা হয়েছে পাকা পিলার। এ ঘটনায় নদীর জায়গা দখল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলা সদরের সেতুর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে চিত্রা নদী। নদীর পাড়সংলগ্ন ৯৪ নম্বর বাঘারপাড়া মৌজার ৬৩৪ নম্বর খতিয়ানের আরএস ১৩৬৫ নম্বর দাগের দক্ষিণ পাশে রয়েছে নদীটি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জায়গাটি নদীর পাড় হিসেবে উন্মুক্ত ছিল।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হাবিবুর রহমান ওই নদীর পাড়ের প্রায় ৪ থেকে ৫ শতাংশ জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে সেখানে পাকা পিলার পুঁতে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নদীর পাড়ের জায়গায় এভাবে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার বলেন, “নদীর জায়গা দখলের চেষ্টা করা হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”














