অভয়নগরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

0
129

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শাহজাহান মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্ত্রী বেঁচে গেলেও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল রোববার ভোরে অভয়নগর উপজেলার ভাঙাগেট লক্ষীপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।নিহত শাহজাহান মোল্যা বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, ভোর চারটার দিকে শাহজাহান মোল্যার টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখা যায়। তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেও শাহজাহান মোল্যা আগুনে দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। দগ্ধ এক বৃদ্ধের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here