খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় মাগুরার শালিখার স্মিতা মুমু ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ পিকেসি স্পোর্টিং ক্লাব।
সোমবার বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি ইমরুল কায়েস সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১৪ মিনিটে সেন্টার ব্যাক নিশানের দুর্দান্ত ফ্রি কিক থেকে গোলমুখ খোলে শালিখা একাদশ। এতে নড়েচড়ে বসেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে একই দলের ফরোয়ার্ড রানা আরেকটি গোল করলে একেবারেই খেই হারিয়ে ফেলেন কালীগঞ্জের খেলোয়াড়রা। এরপর ৩৫ মিনিটে শালিখার টুটুলের তৃতীয় গোলে ফাইনালে পৌঁছে যায় দলটি। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা জাফর বিশ্বাস, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া সংগঠক জামাল হোসেনের পক্ষ থেকেবিজয়ী দলের ফরোয়ার্ড টুটুলের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
আগামী ৩১ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে যশোর হাশিমপুরের রোস্তম আলী ফুটবল একাদশ ও অভয়নগর ফুটবল একাডেমি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৮০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।














