কোটচাঁদপুরে প্রকাশ্যে মাদক সেবন, বাধা দেওয়ায় হামলার শিকার,হাসপাতালে ভর্তি; এলাকাবাসীর ক্ষোভ

0
134

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রৌঢ়কে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। হামলাকারীদের মারধরে তার বাম পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার সোলেমানপুর দাসপাড়া এলাকায় ঘটে ওই ঘটনা। এ ঘটনায় আহত শফিকুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় একটি আমবাগানে মো. হিরা (৩২)সহ ৩-৪ জন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় শফিকুল ইসলাম তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, পরে সংঘবদ্ধভাবে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে তাকে মারধর করে, এতে তার বাম পা ভেঙে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে এবং এক্স-রে রিপোর্টে বাম পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এতে তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা চললেও তা বন্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here