পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে চলমান কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের (সিটিসিআরপি) আওতায় আধুনিক বাস টার্মিনাল, নগর পার্ক ও মাল্টিপারপাস মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জলবায়ু সহনশীল নগর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পে সড়ক, ড্রেন ও সাইক্লোন শেল্টার নির্মাণের পাশাপাশি নাগরিকবান্ধব বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে পাইকগাছা পৌরসভায় এসব সুবিধার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকায় জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রকল্পের আওতায় পাইকগাছা পৌরসভায় ইতোমধ্যে সড়ক, ড্রেন, ব্রিজ ও কালভার্ট নির্মাণসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ও দরপত্র কার্যক্রম এগিয়েছে। তবে আধুনিক বাস টার্মিনাল, নগর পার্ক এবং প্রবীণ, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব (ইডব্লিউসিডি) মাল্টিপারপাস মার্কেটের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এসব স্থাপনা পাইকগাছা পৌরসভার মূল পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল কি না, অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেগুলোর বর্তমান অবস্থা কী—তা জানতে চান নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এডিবির অগ্রগতি প্রতিবেদনে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে পাইকগাছাসহ কয়েকটি পৌরসভায় মাল্টিপারপাস মার্কেটের জরিপ সম্পন্ন ও নকশা পর্যালোচনার কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। তবে পাইকগাছায় এ কার্যক্রমের অগ্রগতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে দৃশ্যমান তথ্য পাওয়া যাচ্ছে না। একইভাবে, প্রকল্পের সামগ্রিক পরিকল্পনায় বাস টার্মিনাল ও নগর উন্মুক্ত স্থান বা পার্ক নির্মাণের সংস্থান থাকলেও পাইকগাছার জন্য এসব স্থাপনার নির্দিষ্ট স্থান, অনুমোদন ও বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে প্রকাশ্য নথিতে সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন স্থানীয় নাগরিক ও বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, সিটিসিআরপি প্রকল্পের মূল ও সংশোধিত পরিকল্পনায় পাইকগাছা পৌরসভার জন্য সুনির্দিষ্টভাবে কোন কোন অবকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে? মাল্টিপারপাস মার্কেট নির্মাণের জন্য জরিপ সম্পন্ন হয়ে থাকলে বর্তমানে এর বাস্তবায়ন প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে? বাস টার্মিনাল ও নগর পার্কের মতো নাগরিক সুবিধা পাইকগাছার পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল কি না, আর বাদ পড়ে থাকলে কী কারণে ও কোন পর্যায়ে সেগুলো বাদ দেওয়া হয়েছে?
এ ছাড়া সংশোধিত পরিকল্পনায় পাইকগাছার কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাগুলো পুনরায় অন্তর্ভুক্ত করার কোনো উদ্যোগ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য চান এলাকাবাসী। তাঁদের দাবি, প্রকল্পের স্কিম লিস্ট, অনুমোদিত অবকাঠামোর বিবরণ, ডিটেইল ডিজাইন এবং সংশোধিত পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি পাইকগাছা পৌরসভার জন্য নির্ধারিত অবকাঠামোগুলোর বর্তমান অবস্থা ও বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সিটিসিআরপি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নসংক্রান্ত তথ্য উন্মুক্ত করা হলে বিদ্যমান প্রশ্ন ও অনিশ্চয়তা দূর হবে। একই সঙ্গে পৌরবাসীর দীর্ঘদিনের নাগরিক সুবিধার চাহিদা পূরণে প্রকল্পের আওতায় কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়েও একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে।














