রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

0
6

হেলাল উদ্দিন : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর দুই বছরের ছেলে আব্দুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৌসুমীর স্বামী ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০)। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের তালতলা গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌসুমী খাতুন ও তাঁর ছেলে আব্দুর রহমান এবং আহত ফারুক হোসেনের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়।
স্বজনদের বরাতে স্থানীয় পশুচিকিৎসক বিল্লাহ হোসেন জানান, রোববার বিকেলে ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। এ সময় মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন মৌসুমী খাতুন।
বিল্লাহ হোসেন বলেন, গালদা মাঠপাড়া এলাকায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারুক, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী চণ্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ বলেন, “মাগরিবের নামাজ পড়ে রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাচ্ছিলাম। আমাদের বহনকারী ইজিবাইকটি দোদাড়িয়া মোড় পার হয়ে সামনে এগোতেই দেখি, মোটরসাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রী ও তাঁদের কোলে থাকা শিশুটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন।”
তিনি আরও বলেন, “আমরা তাঁদের উদ্ধার করে ইজিবাইকে করে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর খবর তাঁদের জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here