যশোর প্রতিনিধি : যশোরের পুলেরহাট থেকে রাজগঞ্জ আঞ্চলিক সড়কে ইজিবাইক চলাচলে বাঁধা ও চালকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে পলাশী মোড় এলাকায় ‘ভাই ভাই ইজিবাইক চালক সমিতি’র উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইক চালক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী চালকরা জানান, যশোর পুলেরহাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটে দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইক চালক নিয়মিত গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি যশোর বাস মালিক সমিতি এই রুটে ইজিবাইক চলাচলে বাঁধা দিচ্ছে এবং চালকদের মারধর করছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য শান্তিপূর্ণভাবে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান তাঁরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের এই দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।














