খুলনা থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

0
7

যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাইকগাছা থানা এলাকা থেকে আসাদুজ্জামান দুলু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকা থেকে রবিউল ইসলাম (৩৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার রবিউলের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে চুরি হওয়া কালো রঙের নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মাইক্রোবাস চুরির মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খালিশপুর থানায় করা চুরি মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here