যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী কিশোরী লিজার বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় রাফেজা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।
পরে রাফেজা ও তরিকুল ইসলাম সেন্টু কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে ভুয়া বিয়ের মাধ্যমে পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং ওই দুজনকে আটক করে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














