“যশোর রেডক্রিসেন্টের সমাপনী অনুষ্ঠানে-সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন”

0
20

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের আয়োজনে দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে।(১২ নভেম্বর) যশোর রেডক্রিসেন্ট ইউনিট অডিটোরিয়ামে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ও ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন শিকদার রাহাত ইসলাম ও হাবিবা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন যশোর ইউনিট লেভেল কর্মকর্তা মোক্তার হোসেন।
কর্মশালায় আমন্ত্রিত অতিথিসহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৮ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য,জীবন সদস্য ও যুব সদস্যরা উল্লেখযোগ্য।
দুই দিনের কর্মশালায় যশোর ইউনিটের সাংগঠনিক সক্ষমতা, বিদ্যমান শক্তি ও সীমাবদ্ধতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং দুর্যোগ মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিটের জন্য একটি উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন করেন।
প্রণীত রোডম্যাপে ইউনিটের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বৈচিত্র্য অনুধাবন এবং স্বেচ্ছাসেবকভিত্তিক সাংগঠনিক নেটওয়ার্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব সম্পদ ও অবকাঠামোর যথাযথ ব্যবহার, তহবিল সংগ্রহ, দাতা শনাক্তকরণ, স্বেচ্ছাসেবক নিয়োগ ও প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রশ্নোত্তর পর্বে জীবন সদস্য নাজনীন আক্তার লাকি বলেন,ইউনিটের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকলে দুর্যোগ ও বিপদকালীন সময়ে স্বেচ্ছাসেবকেরা দ্রুত প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবেন। পাশাপাশি জরুরি রোগী পরিবহন এবং অন্যান্য সময়ে ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিচালনার মাধ্যমে ইউনিটের আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
এ সময় অপর এক জীবন সদস্য মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ বলেন, রেডক্রিসেন্টের নিজস্ব একটি বহুতল বাণিজ্যিক ভবন থাকলে একদিকে যেমন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ সহজ হবে, অন্যদিকে বাণিজ্যিকভাবে আয় করার মাধ্যমে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে। সেখানে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ইউনিটের নিজস্ব আয় বৃদ্ধির সুযোগও তৈরি হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, যশোর রেডক্রিসেন্ট ইউনিটের মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিটের সার্বিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যাচাই-বাছাই করে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেগুলো বাস্তবায়নে বর্তমান কমিটি উদ্যোগ নেবে। ভবিষ্যত দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে ইউনিটের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
কর্মশালার মাধ্যমে যশোর রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি আগামী এক থেকে তিন বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত সভা, পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে পর্যালোচনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সমন্বয়ে আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—বিদ্যমান সক্ষমতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং একটি শক্তিশালী, টেকসই ও জবাবদিহিমূলক ইউনিট গড়ে তোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here