গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ফকিরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

0
31

মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈনউদ্দিন মেরুর নেতৃত্বে আজ বিকেল ৫টায় এই কর্মসূচি পালিত হয়।
বিকেল থেকেই ফকিরহাট ডাকবাংলো চত্বরে নেতাকর্মীদের জমায়েত হতে দেখা যায়। নির্ধারিত সময়ে সেখান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের হাতে ছিল লাঠি ও বাঁশের দণ্ড। তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যান। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে মিছিল দেখতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় ডাকবাংলো চত্বরে ফিরে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা বিএনপির নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈনউদ্দিন মেরু।
বক্তারা বলেন, দেশে চলমান অস্থিরতা, সহিংসতা ও আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও সম্পদ হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তাঁরা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের দাবি জানান। একই সঙ্গে নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সক্রিয় থাকতে হবে। কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here