দস্যুমুক্তির আন্দোলনের পরে ৩০ জেলে অপহরণ, থামছে না আতঙ্ক

0
8

এম কোহিনূর আলম, কয়রা খুলনা প্রতিনিধি : সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে উপকূলজুড়ে যখন জেলে, বাওয়ালি ও বনজীবীদের আন্দোলন চলছে, তখনই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বনের নদী ও খালে। দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও নৌ সমাবেশে অংশ নেওয়া জেলেদের ছবি দেখে পরিচয় শনাক্ত করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে বেড়েছে দস্যুদের চাঁদার পরিমাণ। চাঁদা দিয়েও মিলছে না নিরাপত্তা। বনে মাছ ও কাঁকড়া আহরণে গিয়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবির মুখে পড়ছেন বনজীবীরা। সাম্প্রতিক সময়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এতে সুন্দরবনসংলগ্ন খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান, কালাবগী, কয়রা উপজেলার ভাগবা,হড্ডা, মহেশ্বরীপুর, মঠবাড়ী, কয়রা,পাতাখালি,জোড়শিং, আংটিহার, গোলখালি,ঘড়িলাল, দশহালিয়া, গোবরা শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, রমজাননগরসহ বিভিন্ন এলাকার জেলে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জীবিকার তাগিদে পরিবারের সদস্যরা বনে গেলেও তাঁদের নিরাপদে ফিরে আসা নিয়ে শঙ্কায় থাকছেন স্বজনেরা। দস্যুমুক্ত আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত ২৮ অক্টোবর শ্যামনগরের গাবুরা এলাকা থেকে আন্দোলন শুরু হয়। পর্যায়ক্রমে তা সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও নৌ সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের দাবি জানাচ্ছেন। এই আন্দোলনকে সমার্থন জানিয়ে গত বুধবার (৪ নভেম্বর) খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূূূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলে ও বনজীবীরা। প্রায় দুই ঘণ্টার ওই কর্মসূচিতে বিভিন্ন নৌকায় প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তাঁরা। কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্দোলনকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে দস্যুরা। তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনে অংশ নেওয়া জেলে সাইফুল ইসলাম বলেন, আন্দোলনের ছবি দস্যুদের কাছে পৌঁছেছে। ছবি দেখে তাঁদের শনাক্ত করে হুমকি দেওয়া হচ্ছে। ফলে দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা। চাঁদা দিয়েও মিলছে না নিরাপত্তা বনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। ফিরে আসা জেলেদের বর্ণনা অনুযায়ী, বুড়ির দুনি,ফুলতলা,শিবসা,
নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন স্থান থেকে তাঁদের জিম্মি করা হয়। অপহৃত জেলেদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মুন্সিগঞ্জের মৌখালি গ্রামের জেলে খোকন গাজী বলেন, আগে বন বিভাগের বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করা যেত। এখন বন বিভাগের পাসের পাশাপাশি বিভিন্ন দস্যু বাহিনীর কাছ থেকেও অনুমতি বা কথিত কার্ড সংগ্রহ করতে হচ্ছে।
তাঁর ভাষ্য, একেকটি নৌকাকে বিভিন্ন বাহিনীর কাছে আলাদাভাবে টাকা দিতে হয়। নৌকাপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। কোনো কোনো এলাকায় একাধিক বাহিনীকে টাকা দিতে হয়। দস্যুরা পাঁচ বা দশ টাকার ব্যাংক নোটকে কথিত কার্ড হিসেবে ব্যবহার করছে। নোটের নম্বর নিজেদের খাতায় লিখে রাখে তারা। বনে প্রবেশের সময় সেই নম্বর মিলিয়ে দেখা হয়।
জেলেদের অভিযোগ, এক বাহিনীকে চাঁদা দিয়েও অন্য বাহিনীর এলাকায় প্রবেশের সময় আবার টাকা দিতে হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আটকে রাখা, মারধর ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফলে মাছ ও কাঁকড়া বিক্রি করে অর্জিত আয়ের বড় অংশই চলে যাচ্ছে চাঁদা ও মুক্তিপণ পরিশোধে। অনেক জেলেকে ঋণ করে বনে যেতে হচ্ছে।
বনবিভাগের বক্তব্য : সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করব। আমরা শুনেছি, জেলে অপহরণ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো জেলের পরিবার থেকে আমাদের কাছে অভিযোগ করেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here