অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাসবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করেন। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া লাইটার জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেড ‘লামিয়া শরীফ’-এর স্টাফ গোলাম রাব্বি জানান, সোমবার সকালে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের লাইটার জাহাজটি উল্টোপথে এসে তাঁদের বালুবোঝাই বাল্কহেডের বাম পাশে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েক মিনিটের মধ্যেই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফই প্রাণে রক্ষা পান। তিনি আরও জানান, নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার ঘনফুট বালু নিয়ে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া বালুবোঝাই বাল্কহেডটি উদ্ধার এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’














