নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে এ রোগের ঝুঁকি বাড়ছে। তবে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো ও রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, সুষম ও পরিমিত খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
দিবসটি উপলক্ষে আয়োজকেরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির পাশাপাশি সুস্থ জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।














