স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মাজহারুল ইসলাম খোকন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানে ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০৪ জন গুণীজন এবং ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান তহমিনা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল কাদের মোল্লা, মুনতাজ আলী ফকির, খলিলুর রহমান, কণা রাণী মজুমদার, অশ্বিনী কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।
প্রতিষ্ঠার পর থেকেই মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং গুণীজনদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে কাজ করছে সংগঠনটি।














