রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। পরিচালনা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মেয়র পদপ্রার্থী মাস্টার কামাল আহমেদ। বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল খান, শ্রমিক বিভাগের নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহা আলম, পৌর জামায়াতের আমীর মাও.আব্দুল খালেক, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার শিক্ষা দিয়েছে। হাজারো মানুষের রক্ত ও লাখো মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
তাঁরা অভিযোগ করেন, পতিত সাবেক সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও গোপনে ও প্রকাশ্যে নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের নাশকতা মেনে নেবে না। চৌগাছাসহ সারাদেশে যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।














