মানবিক ও আত্মবিশ্বাসী নাগরিক গড়ার প্রত্যয়ে মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ

0
10

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের যোগ্য, মানবিক, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে যশোরের মণিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাত্রা শুরু করেছে ‘মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ’। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, ইংরেজি ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় অভিভাবকদের মধ্যে আশার সঞ্চার করেছে।
“একজন শিক্ষার্থীকে কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না রেখে যোগ্য, মানবিক, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।” এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. এ. হাসান।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এম. এ. হাসান শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ এলাকার শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন। তিনি ইতিপূর্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এবং গৌরীপুর ফিউচার আইসিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা ও নিজ এলাকার পিছিয়ে পড়া শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে ২০২৫ সালের অক্টোবর মাসে হরিদাসকাটি ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে প্রতিষ্ঠা করেন মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রতিষ্ঠাতা এম. এ. হাসান জানান, বর্তমানে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইংলিশ ভার্সন শাখায় ৫০ জন এবং কিন্ডারগার্টেনের সাধারণ শাখায় অর্ধশতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৈরি করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। চার বছর বয়সী শিশুদের জন্য চালু করা হয়েছে দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ‘ফ্রি ফাউন্ডেশন ক্লাস’। এ কার্যক্রমে শিশুরা কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই খেলাধুলা, গল্প, ছড়া ও গানের মাধ্যমে বর্ণমালা, সংখ্যা, রং ও বিভিন্ন আকৃতি সম্পর্কে ধারণা লাভ করছে। একই সঙ্গে তাদের প্রাথমিক জড়তা কাটিয়ে বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলা হচ্ছে।
প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রূপা পারভীন। সহকারী শিক্ষিকা হিসেবে রয়েছেন সালেহা খাতুন, রুমিছা খাতুন, তাসফিয়া সুলতানা, নিবেদিতা মণ্ডল, জ্যোতি মণ্ডল ও নাঈম উদ্দিন। ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তাকিম বিল্লাহ।
প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনেরা। অভিভাবক এবং ঢাকুরিয়া গ্রামের বাসিন্দা, অভয়নগর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জিহাদ বলেন, শহরকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার বাইরে গ্রামাঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এতে গ্রামের শিক্ষার্থীরাও আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।
সুশাসন ও নাগরিক অধিকার সুরক্ষায় নিয়োজিত সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন বলেন, সঠিক পরিকল্পনা, দক্ষ শিক্ষকমণ্ডলী এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম আলোকবর্তিকা হয়ে উঠবে।
প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এবং মাস্টার ট্রেইনার এস. এম. মফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা আরও সম্প্রসারিত করা গেলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গ্রামীণ শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সুশিক্ষা, নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে মুক্তেশ্বরী ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ একদিন মণিরামপুরের গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষা বিস্তারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here