শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’

0
18

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই প্রতিযোগিতার মনোভাব; বরং সুস্থ থাকা, একে অপরের সঙ্গে সময় কাটানো আর সামাজিক বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে প্রতিদিন একত্রিত হন তাঁরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই সম্মিলিত উদ্যোগের নাম ‘প্রভাত ফেরী’।
একদল উদ্যমী যুবকের সদিচ্ছা ও ইতিবাচক চিন্তাভাবনা থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘প্রভাত ফেরী’। অরিন্দম বর, মো. পারভেজ হোসেন, অপূর্ব সরকার, শাফায়েত হোসেন, কামাল হোসেন, সাইফুল ইসলাম, কৃষ্ণ, গোপালসহ কয়েকজন যুবকের উদ্যোগ ও প্রচেষ্টায় সংগঠনটি এগিয়ে যাচ্ছে। একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনটিতে বর্তমানে সদস্য রয়েছেন প্রায় ৫০ জন।
প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিটে শালিখা ইকোপার্কে শুরু হয় সংগঠনটির কার্যক্রম। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার পাশাপাশি সদস্যদের মধ্যে গড়ে উঠছে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক।
‘প্রভাত ফেরী’র সদস্যদের মধ্যে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পেশাগত ও ব্যক্তিগত ব্যস্ততার বাইরে প্রতিদিন সকালে তাঁদের এই মিলন যেন তৈরি করেছে এক ভিন্নধর্মী সামাজিক পরিসর।
সংগঠনটির অন্যতম সদস্য অরিন্দম বর বলেন, শরীর গঠনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে মানবিক ব্যক্তিত্ব গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধের চর্চা জরুরি। ‘প্রভাত ফেরী’র এই উদ্যোগের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে এসব গুণাবলির বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির বিশেষত্ব শুধু সকালের হাঁটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তারা। তাঁদের ভাবনায় রয়েছে এর পরিধি আরও বিস্তৃত করার। ভবিষ্যতে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় রয়েছে তাঁদের।
স্বাস্থ্যসচেতনতা থেকে সামাজিক সম্প্রীতি, আর সামাজিক সম্প্রীতি থেকে মানবিক দায়বদ্ধতা—এমন ভাবনাকে সামনে রেখেই এগিয়ে যেতে চায় ‘প্রভাত ফেরী’।
মাত্র তিন মাসের এই পথচলা ভবিষ্যতে আরও বৃহত্তর সামাজিক উদ্যোগে রূপ নেবে, এমন প্রত্যাশা সংগঠনটির সদস্যদের।
শালিখা ইকোপার্কের সবুজ পরিবেশে প্রতিদিনের এই প্রভাতী মিলন শুধু শরীরচর্চার অভ্যাস নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং একটি মানবিক সমাজ বিনির্মাণেরও সুন্দর উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here