জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই — জানালেন প্রতিমন্ত্রী অমিত

0
207

যশোর ডেস্ক : দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং এই মুহূর্তে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না এবং বর্তমানেও নেই। রমজান ও আসন্ন ঈদকে নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তা মূলত মানুষের অহেতুক উদ্বেগ ও আতঙ্কের কারণে তৈরি হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, ব্যক্তিগত যানবাহনের প্রধান জ্বালানি অকটেন ও পেট্রোলের কোনো ঘাটতি দেশে নেই। পেট্রোল প্রায় পুরোটাই বাংলাদেশে পরিশোধিত হয় এবং অকটেনের সিংহভাগও দেশীয় উৎস থেকে আসে। শুধুমাত্র ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভর করতে হয়। জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই মানুষ আগেভাগে তেল সংগ্রহের চেষ্টা করায় পাম্পগুলোতে ভিড় বেড়েছে। জ্বালানি সরবরাহ পরিস্থিতি সম্পর্কে অনিন্দ্য ইসলাম অমিত জানান, গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল, যার একটি ইতিমধ্যে পৌঁছেছে এবং অন্যটি খালাসের অপেক্ষায় রয়েছে। এছাড়া আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার কথা, যার একটি বড় অংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এই চুক্তিটি নিয়মিত নবায়ন করা হয় এবং বর্তমানে এর মেয়াদ থাকায় সরবরাহে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই। তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here