শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের

0
5

আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘মা’-এর সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। এতে বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল বলেন, লালন সাঁইয়ের জীবন ও দর্শন মানুষকে বিভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হতে শেখায়। তাঁর গান ও সাধনার মূলমন্ত্র হলো মানুষকে ভালোবাসা, মানুষের মর্যাদা দেওয়া এবং ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। তাই শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে নবম শ্রেণির শিক্ষার্থী তানভীর হোসেন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীদেবী দত্ত পবিত্র গীতা পাঠ করেন। দুই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটে।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কংকন কুমার দাস, ইংরেজি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক সুকুমার সরকার ও মাওলানা মহসিন উদ্দিন। বক্তারা লালন সাঁইয়ের জীবন, সাধনা, সংগীত ও দর্শনের নানা দিক তুলে ধরে বলেন, তাঁর সৃষ্টি মানুষকে আত্মঅনুসন্ধান, মানবপ্রেম, সাম্য ও সহনশীলতার শিক্ষা দেয়। লালনের দর্শন ধারণ করে ধর্মীয় বিভেদ ও সামাজিক সংকীর্ণতা দূর করার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে লালনভক্ত শ্রীদেবী দত্ত একাধিক লালনগীতি পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে’ গানটি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আবেগ ও আগ্রহ সৃষ্টি করে। মরমী সংগীতের সুরে অনুষ্ঠানে বাঙালির লোকজ ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও মানবপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ চন্দ্র সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here