স্টাফ রিপোর্টার : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতে ৫০৭টি মামলায় আসামিদের সাজা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে ২৮ জন মাদক মামলার আসামি এবং বাকি ২৬ জন বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়েছেন। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশে। শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল। এ সময় যশোরের বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, মামলা নিষ্পত্তি এবং বিচারিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়েছিল। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ৪০০টি মামলায় সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক মামলার ক্ষেত্রেও সাজা প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে পুরো বছরে মাদকসংক্রান্ত ৫৮টি মামলার রায়ে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসে ১০৭টি মামলার রায়ে ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেওয়ানি মামলা নিষ্পত্তিতেও এসেছে বড় ধরনের অগ্রগতি। ২০২৫ সালে এ ধরনের মামলা নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি মামলা। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩৯০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি মামলা। ফলে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশে। একই সঙ্গে দেওয়ানি মামলায় বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২১টিতে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা নিষ্পত্তির মাধ্যমে জট কমানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদালতের তথ্য অনুযায়ী, ফৌজদারি, জি.আর ও সি.আর মামলাসহ বিভিন্ন শ্রেণির মোট ১৩ হাজার ৬৩৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা দিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম ও এমএ গফুরসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইন কর্মকর্তারা। সম্মেলনে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বেড়েছে। দ্রুত বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে এই অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।














