নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপটিউবওয়েল স্থাপন প্রকল্পে অনিয়ম ও ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে। ১২৫টি ডিপটিউবওয়েল বরাদ্দের বিপরীতে ২৮টির অস্তিত্ব বা প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের না দিয়ে কিছু ডিপটিউবওয়েল অন্যত্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া সরকারি নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। স্থাপিত ৯৭ টি ডিপটিউবওয়েলের গোড়া পাকা করার কাজও বাদ রয়েছে।
২০২২-২৩ অর্থবছরে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় (টেন্ডার আইডি-৮৬৬৩৪৭, প্যাকেজ নম্বর-ARRP-150/1) কালিয়া উপজেলায় ১২৫টি ডিপটিউবওয়েল স্থাপনের বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে ৯৭টি ডিপটিউবওয়েলের অস্তিত্ব পাওয়া গেছে। বাকি ২৮টির কোনো হদিস মেলেনি এবং গোড়া পাকা করেনি ।
আনসার সদস্য নুরুল হক বলেন, ২০২৩ সালে তাঁর নামে একটি ডিপটিউবওয়েল বরাদ্দ দেওয়া হলেও এখনো তিনি তা পাননি। তাঁর অভিযোগ, অন্য ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁর নামে বরাদ্দ করা ডিপটিউবওয়েলটি অন্যত্র স্থাপন করা হয়েছে।
ইউপি সদস্য সোহাগ অভিযোগ করেন, তাঁর ভাই মো. নাসির শেখের নামে ডিপটিউবওয়েল বরাদ্দ পেতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের মেকানিক সাহাবুল ইসলামকে প্রথমে ১৫ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ডিপটিউবওয়েল স্থাপন করা হলেও এর গোড়া পাকা করার কাজ এখনো করে দেয়নি
আরেক ভুক্তভোগী বিপ্লব দাস বলেন, ‘ডিপটিউবওয়েল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের মেকানিক বরুন দাসকে ২৫ হাজার টাকা দিয়েছি। তিনি ডিপটিউবওয়েল স্থাপন করে দিলেও গোড়া পাকা করে দেননি। এ বিষয়ে জানতে চাইলে পরে করে দেবেন বলে জানান। কিন্তু কবে করবেন, তা বলেন না।’
স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্ধারিত ৭ হাজার টাকার পরিবর্তে কোনো কোনো সুবিধাভোগীর কাছ থেকে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এমকি ডিপটিউবওয়েলের গোড়া পাকার কাজও করেনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় ১২৫টি ডিপটিউবওয়েল স্থাপনের কাজ পায় সাতক্ষীরাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ। ঠিকাদার লিটন বলেন, ‘অফিস শতভাগ কাজ বুঝে নিয়ে আমাদের বিল পরিশোধ করেছে। কার নামে বরাদ্দ ছিল, কে পেয়েছে আর কে পায়নি—এসব বিষয়ে অফিসই ভালো বলতে পারবে।’
মেকানিক সাহাবুল ইসলাম ও বরুন দাস টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। সাহাবুল বলেন, গোড়া পাকা করার দায়িত্ব ঠিকাদারের। বরুন দাস বলেন, ১২৫টি ডিপটিউবওয়েলের একটিও পাকা হয়নি কেন, তা ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে পারবেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন রায় দাবি করেন, তাঁর জানা মতে, সব বাড়িতেই ডিপটিউবওয়েল স্থাপন করা হয়েছে। তবে সহকারী প্রকৌশলী খালিদ আহমদ উসমানী ও জেলা নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় প্রকৃত সুবিধাভোগীদের তালিকা যাচাই, প্রকল্পের কাজের নিরপেক্ষ তদন্ত এবং বঞ্চিতদের ডিপটিউবওয়েল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।














